স্তনে চাকা হওয়ার কিছু কারণ, কখন চিকিৎসকের কাছে যাবেন
ব্রেস্ট লাম্প বা স্তনে চাকা অনুভূত হওয়া একটি শঙ্কার বিষয়। তবে মনে রাখতে হবে স্তনে চাকা মানেই ক্যানসার নয়। বিভিন্ন কারণে চাকা হতে পারে।
চাকা হওয়ার কিছু কারণ
ফাইব্রোএডিনোসিস: সাধারণত ২৫-৪০ বছর বয়সে হয়। এর কারণে মাসিকের আগে বুকে চাকা চাকা এবং ব্যথা অনুভব হয়, যা মাসিক হওয়ার পর কমে যায়।
ফাইব্রোএডিনোমা: ১৫ থেকে ২৫ বছর বয়সে বেশি হয়। হঠাৎ বুকে এই চাকা ধরা পড়ে, যা সহজেই নড়াচড়া করে এবং ব্যথাহীন হয়। এ কারণে এ ধরনের চাকাকে ব্রেস্ট মাউস বলা হয়। আকার ছোট হলে আপনাআপনি মিলিয়ে যেতে পারে। তবে বড় হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
ব্রেস্ট সিস্ট: সিস্ট হচ্ছে পানিভর্তি টিউমার। এগুলো যেকোনো বয়সে হতে পারে। তবে নারীদের মাসিকের আগে বেশি হয়। সিস্টগুলো মসৃণ ও গোলাকার হয়। আলট্রাসনোগ্রামের মাধ্যমে নিডেল দিয়ে এটি অপসারণ করা হয়।
ব্রেস্ট অ্যাবসেস বা ইনফেকশন: এটা স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে বেশি হয়। ব্যাকটেরিয়া আঘাতপ্রাপ্ত স্থান বিশেষ করে ক্রাক নিপল দিয়ে ভেতরে প্রবেশ করে পুঁজ তৈরি করে। এটি খুব ব্যথা করে। চিকিৎসা হিসেবে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, গরম কম্প্রেশন দেওয়া হয়। পুঁজ বা অ্যাবসেস বড় হলে নালি তৈরি করে নিয়মিত ড্রেসিংয়ের দরকার হয়।
ফ্যাট নেক্রোসিস: কোনো কারণে স্তন আঘাতপ্রাপ্ত হলে এর ফ্যাটি টিস্যু থেকে চাকা তৈরি হয়। এগুলো সাধারণত ধীরে ধীরে অপসারিত হয়। তবে কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারের দরকার হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্তনের অসুখ