বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে এলপিপি

প্রথম আলো প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১৯:৫৬

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পোল্যান্ডের পোশাকের ব্র্যান্ড এলপিপি। রাশিয়ার ক্রেতাপ্রতিষ্ঠান এফইএস রিটেইলের কাছে কয়েকজন রপ্তানিকারকের পাওনাসংক্রান্ত জটিলতায় সম্প্রতি বাংলাদেশে ব্যবসা স্থগিত করার ঘোষণা দিয়েছিল এই ব্র্যান্ড। এখন তারা আগের মতো ব্যবসা পরিচালনা করবে।


তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও এলপিপি এসএ এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। এতে সই করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও এলপিপি এসএর পরিচালক দোরোতা ইয়ানকোভস্কা-তোমকুভ। আজ মঙ্গলবার বিজিএমইএ বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়।


যৌথ বিবৃতিতে বলা হয়, তৃতীয় পক্ষের বিরোধে এলপিপির সঙ্গে বাংলাদেশের ৩৫০টির বেশি তৈরি পোশাক সরবরাহকারীর ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সম্মত হয়েছে বিজিএমইএ ও এলপিপি। এফইএস রিটেইলের দেনা পরিশোধে আইনিভাবে বাধ্য কোনো পক্ষ নয়। তবে এলপিপি প্রতিষ্ঠানটির দেনা পরিশোধে এলপিপি নিজস্ব আইনি অবস্থান অক্ষুণ্ন রেখে গঠনমূলক সংলাপে সহায়তা করবে।


এফইএস রিটেইলের কাছে অর্থপ্রাপ্তির দাবিগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিকট উপস্থাপন করা উচিত, যারা এ জন্য আইনিভাবে দায়বদ্ধ—এলপিপির এই অবস্থানকে বিবেচনায় নিয়েছে বিজিএমইএ। তবে এলপিপি ও বিজিএমইএ উভয় পক্ষই স্বীকার করে, ক্ষতিগ্রস্ত কারখানাগুলো কঠিন বাণিজ্যিক পরিস্থিতির সম্মুখীন। এসব দায়দেনা নিষ্পত্তির যেকোনো আলোচনা আইনিভাবে দায়িত্বপ্রাপ্ত পক্ষের সঙ্গেই হওয়া উচিত।


বিবৃতিতে আরও বলা হয়, বিজিএমইএ ও এলপিপি—উভয় পক্ষ মনে করে যে ঢালাও বা বিভ্রান্তিকর কোনো প্রচার এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ, যা অনাকাঙ্ক্ষিতভাবে অন্য প্রস্তুতকারক, কর্মী বা এলপিপি ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও