চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসী ব্যবসায়ীর ভবনের গেটে গুলি
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভবনটির নাম রুনা টাওয়ার। ১১ তলার এ ভবনের মালিক মোহাম্মদ ইউসুফ। তাঁর দুই ছেলে প্রবাসী ব্যবসায়ী। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি। ইউসুফ নিষিদ্ধঘোষিত স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন পর গ্রেপ্তার হয়ে আজিজ বর্তমানে কারাগারে আছেন।
আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ভবনটির নিরাপত্তাকর্মী মো. আলমগীরের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, রাতে বিদ্যুৎ ছিল না। হঠাৎ প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাঁকে গেটের ভেতরে রেখে বন্ধ করে দিতে বলেন। পরে তাঁরা গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দে আশপাশের লোকজন জড়ো হন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে আসে।
ভবনমালিক ইউসুফ জানান, গতকাল দুপুর ১২টার দিকে এক ঘণ্টা সময় দিয়ে তাঁর ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ইউসুফের ছেলেমেয়েরা কোথায় কী করেন, তাঁদের জীবনবৃত্তান্ত এবং কোথায় কোথায় বাড়ি আছে, সবই তাঁদের জানা। এক ঘণ্টার মধ্যে বড় ভাইয়ের কথামতো ৫০ লাখ টাকা দিতে হবে। না হলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভবনটির পাশের এক দোকানদার প্রথম আলোকে বলেন, ‘আমি দোকানের ভেতরে ছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। পরে দেখি, দুজন যুবক দৌড়ে চলে যাচ্ছে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলি
- চাঁদা দাবি