রাষ্ট্রপতি নির্বাচন: ব্যালট ও ভোটগ্রহণ পদ্ধতি সম্পর্কে জানালেন ইসি সচিব

ডেইলি স্টার প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১৯:০৪

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটগ্রহণে থাকবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। ব্যালট পেপারে দুটি অংশ—বামপাশে মুড়ি, ডানপাশে ভোট। মুড়ির অংশে সংসদ সদস্যকে চারটি তথ্য পূরণ করতে হবে। আর ভোটের অংশে প্রার্থীর নাম উল্লেখ করে তারপাশে সই করে ভোট দিতে হবে।


আজ মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।


এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার, চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা করেন তিনি।


আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে।


ইসি সচিব বলেন, ‘সংসদ সদস্যরা স্ব স্ব আসনে বসবেন। তাদের কাছে ব্যালট বাক্স পৌঁছে দেওয়ার পর তারা মনোনীত প্রার্থীকে সই করে তিনটি ব্যালট বাক্সে ভোট দেবেন। ব্যালট বাক্সগুলো স্বচ্ছ হবে।’


কারা এই নির্বাচন প্রত্যক্ষ করবেন, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘১৯৯১ সালের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। দীর্ঘবিরতির পর এই নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ নেবে ইসি। আমরা নাম পাঠাবো।’ 


তিনি আরও জানান, সংসদ থেকেই সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদকর্মীদের বসার ব্যবস্থা রাখা হতে পারে। ইসি সচিবালয় থেকে ২০ জনের নাম পাঠানো হবে।


ইসি সচিবালয় থেকে ব্যালট ছাপানো হবে বলেও জানান ইসি সচিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও