বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ১০০ ভাগ অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রুহুল কবির রিজভী
বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে ১০০ ভাগ অবাধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শতভাগ সুষ্ঠু নির্বাচন ভারতেও সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেছেন, ভারতেও নির্বাচন নিয়ে প্রতিনিয়ত অভিযোগ ওঠে। কিন্তু যখন ফলাফল হয়ে যায়, তখন সবাই মেনে নেয়।
রিজভী বলেছেন, ‘সরকার ও বিরোধী দল প্রত্যেকে যদি ভাষা, শব্দ প্রয়োগ ও বাক্যবিন্যাসের ক্ষেত্রে সতর্ক থাকেন, তাহলে নেতা-কর্মীদের মধ্যে সহিংস মনোভাব গড়ে উঠবে না। গণতন্ত্রায়ণের যত আইনকানুনই করা হোক না কেন, কোনো লাভ হবে না যদি মানসিকতার পরিবর্তন না হয়।’
আজ সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এক সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন। ‘২০২৬ সালের রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা: গণতান্ত্রিক উত্তরণের পথের ওপর প্রভাব’ শিরোনামে যৌথভাবে এ আলোচনার আয়োজন করে ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও অধিকার।