‘ডনকে প্রশ্রয় দেয় কে? কেন এসব কথা সামনে আসছে না? কেন ডিপজলকে বলে দিতে হয়, ডন বিদেশে চলে যাচ্ছে। তাঁর সঙ্গে কারা যুক্ত। তাঁদের কথাও সামনে আনা হোক।’ এভাবেই আজ সোমবার বিকেলে প্রথম আলোকে কথাগুলো বললেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এ সময় যুক্তরাজ্য থেকে হোয়াটসঅ্যাপ কলে তিনি প্রশ্ন তুললেন, ‘কেন অন্যরা এখনো ঘরে বসে আছে, কেন গ্রেপ্তার হচ্ছে না।’
গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হক। তিনি সালমান শাহ হত্যার আসামি। তাঁর গ্রেপ্তারে নীলা চৌধুরী বলেন, ‘এই ডন আমাকে হুমকি দেয়। এই ডন আমার ও আমার ছেলের সম্পর্কে নানা কথা বলে। আইনকে সে যা ইচ্ছা তা–ই মনে করে, পরোয়া করে না। তা না হলে কেন সে আসামি হয়েও নানা আয়োজনে থাকত? কেন সে বড় বড় কথা বলত?’