তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলার, হরমুজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি
হরমুজ প্রণালি শিগগির খুলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ইরান জানিয়েছে, নতুন নৌপথের সীমা নির্ধারণে ওমানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। যদিও তারা বলেছে, যুক্তরাষ্ট্রকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে।
আজ বিশ্ববাজার খুলেছে। শুক্র ও শনিবার বাজার বন্ধ থাকে। বাজার খোলার পরই ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে উঠেছে।
গত সপ্তাহে এই উভয় ব্র্যান্ডের তেলের দাম ৭ শতাংশের বেশি কমেছিল। তখন আশা করা হয়েছিল, ইরান ও ওমানের মধ্যে শিগগিরই সমঝোতা হবে। ফলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের প্রায় এক ভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।
গতকাল রোববার ইরান জানায়, ওমানের সঙ্গে সমঝোতা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে তেহরান আবারও বলেছে, যুক্তরাষ্ট্র আরও কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। এর মধ্যে ইরানের ওপর ব্যাপক হামলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও আছে।