ডেঙ্গু জ্বরে পেঁপেপাতার রস, সতর্ক করলেন চিকিৎসক
প্রথম আলো
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:১৬
প্লেটলেট কমে যাওয়াই একমাত্র ভয় নয়
প্লেটলেট কমে গেলেই সাধারণত রোগী এবং তাঁর স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়ে। প্লেটলেট কমে গেলে রক্তক্ষরণের ভয় থাকে, এটা ঠিক। তবে প্লেটলেটের মাত্রা দিয়ে রোগীর রক্তক্ষরণের ঝুঁকি বা রোগের তীব্রতা নির্ধারণ করা যায় না।
এ ছাড়া এটাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর একমাত্র ভয়ের কারণ নয়। বরং গুরুতর ব্যাপার হলো প্লাজমা লিকেজ, অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া।
প্লাজমা লিকেজ কী
প্লাজমা লিকেজ বিষয়টিকে সহজভাবে বলা যাক। এর অর্থ হলো, রক্তনালি থেকে রক্তের তরল অংশ বের হয়ে যাওয়া।
প্লাজমা লিকেজ হলে—
- ফুসফুসের চারপাশে বা পেটে তরল জমতে পারে।
- মারাত্মক প্লাজমা লিকেজ হলে রক্তচাপ কমে যেতে পারে।
- হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে।
- দেখা দিতে পারে আরও নানা জটিলতা।