You have reached your daily news limit

Please log in to continue


পরীক্ষার ফল নিয়ে সন্তানকে যেসব কথা বলা ঠিক নয়

এসএসসি, এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষা, যে পরীক্ষাই হোক না কেন ফল প্রকাশের আগের কয়েক দিন এবং ফল প্রকাশের দিনটিতে অধিকাংশ শিক্ষার্থী মানসিক চাপের মধ্যে থাকে। সেই চাপ অনেক সময় পরিবারের ওপরও পড়ে।

এ সময় অভিভাবকের ছোট একটি মন্তব্য সন্তানের ভয় ও দুশ্চিন্তা কমাতে পারে। একইভাবে অসাবধানতাবশত বলা কোনো মন্তব্য তার আত্মবিশ্বাস কমাতে পারে।

চাইল্ড কেয়ার, ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন কনসালটেন্ট দীপু মাহমুদ বলেন, পরীক্ষার ফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, পরীক্ষার্থীর সঙ্গে ওইদিন পরিবারের সদস্যরা কেমন আচরণ করছেন সেটি।

‘টেনশন হচ্ছে?’

দীপু মাহমুদের ভাষ্য, ফলের অপেক্ষায় থাকা একজন শিক্ষার্থী উদ্বিগ্ন থাকবে, সেটিই স্বাভাবিক। তাই বারবার ‘টেনশন হচ্ছে?’ বা ‘ভয় লাগছে?’—এ ধরনের প্রশ্ন করলে সে আরও অস্বস্তি বোধ করতে পারে।

এর বদলে বলুন, ‘চলো আমরা একসঙ্গে নাশতা করি’ কিংবা ‘কিছু বলতে চাইলে আমাকে বলতে পারো’। এ ধরনের কথা সন্তানের অনুভূতি প্রকাশের সুযোগ করে দেয়।

‘আমাদের প্রত্যাশা অনেক বড় না’

দীপু মাহমুদ বলেন, অনেক অভিভাবক মনে করেন, প্রত্যাশা কম দেখালে সন্তানের ওপর চাপ কমবে। কিন্তু এই কথায় অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, তার দীর্ঘদিনের পরিশ্রমের হয়তো ঠিকঠাক মূল্যায়ন হচ্ছে না।

তাই তাকে বলুন, ‘আমরা জানি, তুমি সর্বোচ্চ চেষ্টা করেছ। তাই ফল যেমনই হোক, আমরা সব সময় তোমার পাশে আছি।’ এই আশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি হতে পারে।

‘জিপিএ–৫ পেলেই হবে’

বাংলাদেশে ভালো ফলকে ঘিরে যে সামাজিক চাপ রয়েছে, তা নতুন নয়। কিন্তু বারবার কাঙ্ক্ষিত ফলের কথা মনে করিয়ে দিলে সন্তানের উদ্বেগ আরও বাড়ে।

দীপু মাহমুদের পরামর্শ, প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাকে জানিয়ে দিন, ‘ফল যেমনই হোক, পরবর্তীতে কোথায় ভর্তি হবে তা একসঙ্গে বসে ঠিক করব।’ এতে সে বুঝতে পারবে, একটি ফলাফল তার ভবিষ্যতের একমাত্র নির্ধারক নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন