ইসলামবিরোধী আইন নয়, ফটিকছড়িতে মেডিকেল কলেজ চায় হেফাজত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ সাক্ষাতে ইসলামের বিরুদ্ধে কোনো আইন না করার এবং চট্টগ্রামে আরও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসাইন মুহাম্মদ ইসলামাবাদী।
রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে এসব কথা বলেন তিনি।
শেখ হুসাইন মুহাম্মদ ইসলামাবাদী বলেন, প্রধানমন্ত্রী আমাদের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন এতে আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রী আমাদের মেহমান হিসেবে আসছেন। তাই আমাদের কোনো রাজনৈতিক দাবি থাকবে না। তবে ইসলাম ও দেশের স্বার্থে দুটি বিষয় তুলে ধরব।
তিনি বলেন, ইসলামের বিরুদ্ধে কোনো আইন যেন সংসদে পাস না হয় এটি আমাদের প্রথম দাবি। ইসলামের মৌলিক মূল্যবোধ ও কোরআন-হাদিসের পরিপন্থি কোনো আইন প্রণয়ন না করার বিষয়ে আমরা সরকারের সহযোগিতা চাই।