ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল এনসিপি
সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে প্রেস কনফারেন্সকে নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে দলের অবস্থান জানাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ঢাকায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ।
লিখিত বক্তব্যে বলেন, আমরা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগ ও তীব্র হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর মতো একটি ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ববহ দিনে সার্বভৌম বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও তার সহযোগীদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় নয়াদিল্লি তার বাংলাদেশ নীতি আবারও স্পষ্ট করেছে যে তারা বাংলাদেশের বা বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, তারা তাদের তাবেদার আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক দিয়েই বাংলাদেশকে দেখতে চায়।
- ট্যাগ:
- রাজনীতি
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান