জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ বিষয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। ফলে এই কোম্পানিটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ডিএসসি জানিয়েছে, তারা কোম্পানির কাছে সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয়। ওই চিঠির জবাবে জিবিবি পাওয়ার জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ, তাদের জানা মতে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা সাম্প্রতিক সময়ে শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই জিবিবি পাওয়ারের শেয়ারদর ছিল ৮ টাকা ২০ পয়সা। মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে, ৪ আগস্ট তা বেড়ে ১১ টাকায় পৌঁছায়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।
অন্যদিকে কোম্পানিটির মৌলভিত্তিক আর্থিক চিত্র খুব বেশি শক্তিশালী নয়। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান করে। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ১১ পয়সা। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ পয়সা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শেয়ারবাজার