ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় আমদানি করা চালের মধ্যে নিম্নমানের চালগুলো ফেরত পাঠানো হচ্ছে। তবে পুরো জাহাজের চাল ফেরত দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ বিভাগের (সিএমএস) নিয়ন্ত্রক মো. সাকিব রেদোয়ান আজ বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজে থাকা নিম্নমানের সব চাল ফেরত পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত (৫ আগস্ট) প্রায় ৭ হাজার বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) নিম্নমানের চাল শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ বস্তা জাহাজে ফেরত পাঠানো হয়েছে। আজকের মধ্যে আরও প্রায় ১ হাজার ২০০ বস্তা ফেরত পাঠানো হবে।’
সাকিব রেদোয়ান আরও বলেন, গতকাল মঙ্গলবার ভারতীয় কয়েকটি গণমাধ্যমে পুরো চালবোঝাই জাহাজ ফেরত পাঠানো হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ও ২৫ জুলাই চট্টগ্রাম বন্দরে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজ থেকে চাল খালাসের সময় চালের একটি অংশ নিম্নমানের হওয়ায় খালাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর আগে কিছু চাল দেশের বিভিন্ন গুদামে পাঠানো হয়েছিল।