জুলাই গণ–অভ্যুত্থানের ২ বছর: সেনাবাহিনীর অবস্থান, গণভবনের বৈঠক ও দেশত্যাগ—শেখ হাসিনার বিদায়
ঢাকাসহ দেশব্যাপী ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তবে তাঁর বিদায়ের সিদ্ধান্ত কোনো একটি নির্দিষ্ট সময়ে আসেনি। এর আগে কয়েক দিন ধরে রাষ্ট্রযন্ত্রের ভেতরে দ্রুত বদলে যেতে থাকে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর অবস্থান, আওয়ামী লীগের অভ্যন্তরীণ আলোচনা এবং শেষ মুহূর্তে সামরিক নেতৃত্বের পরিস্থিতি মূল্যায়ন—সব মিলিয়ে ঘণ্টায় ঘণ্টায় পাল্টেছে সিদ্ধান্তের হিসাব।
চব্বিশের ৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদরে দরবারে মিলিত হন। সেখানে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট হয়। এরপরও ৪ আগস্ট গভীর রাত পর্যন্ত গণভবনে একের পর এক বৈঠক হয়। একই সময়ে চলতে থাকে পদত্যাগ, জরুরি অবস্থা জারি এবং আন্দোলন দমনের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা। কিন্তু প্রতিটি ঘণ্টার সঙ্গে মাঠের পরিস্থিতি আরও দ্রুত সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ৫ আগস্ট সকালে সামরিক কর্মকর্তাদের বার্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে বাস্তব মূল্যায়ন এবং ঢাকামুখী জনস্রোতের প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশ ছাড়েন।