‘ধৈর্য হারিয়ে’ মুখোমুখি ছাত্রদল-শিবির, অস্থির শিক্ষাঙ্গন
আধিপত্য বিস্তার ও আবাসিক হলের নিয়ন্ত্রণ নিতে ক্যাম্পাসগুলোতে এখন মুখোমুখি ছাত্রদল ও ছাত্রশিবির। তিনদিনে দেশের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠন দুটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। ঘটনার রেশ দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কোনো সময় অন্যান্য ক্যাম্পাসেও সংঘর্ষে জড়াতে পারেন ছাত্রদল-শিবির নেতাকর্মীরা। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ছাত্রশিবিরের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ‘অকারণে’ ছাত্রদল তাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করছে। তারা ধৈর্যধারণ করায় পরিস্থিতি এতদিন স্বাভাবিক ছিল। শিবিরকর্মীরা আর ধৈর্য ধরতে রাজি নন।
‘ধৈর্য হারানোর’ কথা বলছে ছাত্রদলও। সংগঠনটির নেতাকর্মীদের ভাষ্য, ‘বিএনপি সরকারে। অথচ ক্যাম্পাসে আস্ফালন করছে শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বেশি গুরুত্ব দিচ্ছে। ধৈর্য ধরে এসব দেখা আর সম্ভব নয়।’