ইপিবির হালনাগাদ প্রতিবেদন: বছরের প্রথমেই রপ্তানিতে ধাক্কা
নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানি আয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুলাই মাসে দেশের মোট পণ্য রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ কমেছে। একই সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকেও ১ দশমিক ৯২ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। তবে জুন মাসের তুলনায় জুলাইয়ে মোট রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৪৯ শতাংশ। তৈরি পোশাক রপ্তানিও বেড়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার প্রকাশিত ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে দেশের মোট পণ্য রপ্তানি হয়েছে ৪৭২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এক বছর আগে একই মাসে রপ্তানি হয়েছিল ৪৭৭ কোটি ৯ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।
তবে মাসভিত্তিক চিত্র ছিল ইতিবাচক। জুনে রপ্তানি ছিল ৪২০ কোটি ২৬ লাখ ৯০ হাজার ডলার। সেই তুলনায় জুলাইয়ে রপ্তানি বেড়েছে ১২ দশমিক ৪৯ শতাংশ।