‘ককরোচ’ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনা: তসলিমাকে অভিজিতের জবাব, ‘আমরা এক না’
নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করে যে মন্তব্য করেছেন, তার কড়া জবাব দিয়েছেন সিজেপির মুখ্য সংগঠক অভিজিত দিপকে।
সোমবার বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিত বলেন, “বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের তুলনা করা হচ্ছে শুধু আমাদের বদনাম করার জন্য। আমরা একরকম না।”
এর আগে গত রোববার পশ্চিমবঙ্গের কলকাতায় এক মন্তব্যে তসলিমা নাসরিন বলেন, সিজেপির আন্দোলনের একটি ক্লিপ দেখে তার ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে পড়ে গিয়েছিল। ওই আন্দোলনে ক্ষমতা হারিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন।
তসলিমার ভাষ্য, “বাংলাদেশের ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছে। কারণ আমরা ভেবেছিলাম ছাত্ররা কোটা পদ্ধতি বাতিল চায়। শেখ হাসিনাও তাদের দাবি মেনে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারের পতন হল। পরে দেখলাম এর পেছনে উগ্রপন্থিরা ছিল। এর ফল বাংলাদেশের জন্য ভালো হয়নি।”
তসলিমার ওই মন্তব্যের জেরেই তার সমালোচনা করেন সিজেপির অভিজিত দিপকে। সেই সঙ্গে তিনি বলেন, “দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব বেড়ে গেছে। শিগগিরই সংগঠনের পরিসর বাড়ানো হবে।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আন্দোলন