পেটুক জিতলেন আজীবন বিনা মূল্যে বিরিয়ানি খাওয়ার টিকিট
বিরিয়ানির কথা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। তবে ভোজনরসিকদের কাছে এটি অন্যরকম আবেগের। আর সেই প্রিয় খাবারই যদি আজীবন বিনা মূল্যে খাওয়ার সুযোগ মেলে তাহলে কেমন হয়! এমনই সুযোগ পেয়েছেন কলকাতার প্রমিত কুমার দাস। তবে এই সুযোগ পেতে তাঁকে অংশ নিতে হয়েছে এক প্রতিযোগিতায়। যেখানে তিনি ৪৫ মিনিটে সাবাড় করেছেন পাঁচ প্লেট মাটন বিরিয়ানি। খেতাব পেলেন ‘দ্য বিরিয়ানি ম্যান ২০২৬’।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার বিখ্যাত সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট-এর ৮৫তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সিরাজের বিভিন্ন শাখা ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন কার্যক্রম চলে। সেখান থেকে লটারির মাধ্যমে ২৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়ার পাশাপাশি প্রতিযোগিতায় নম্বর পাওয়ার যোগ্য হতে হলে প্রত্যেককে অন্তত দুটি ফুল প্লেট বিরিয়ানি শেষ করতে হতো।