সুনামগঞ্জে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে নিখোঁজ আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে তাঁদের লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
গতকাল শনিবার ভোররাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও চারজন নিখোঁজ ছিলেন।
গতকাল নিখোঁজ অরুণ দেবনাথ (৪০) ও সতীন্দ্র দেবনাথের (৫২) লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বেলা ১১টার দিকে হাওরে নিখোঁজ অধীর দেবনাথ (৫০) ও হেমেন্দ্র দেবনাথের (৫৫) লাশ ভেসে ওঠে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জগন্নাথপুর উপজেলার বালুচর এলাকার একটি বাড়িতে কীর্তন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ভবানীপুর গ্রামের ৯ জন সেখানে গিয়েছিলেন। কীর্তন শেষে গতকাল ভোররাতে তাঁরা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। নৌকাটি মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় এসে ঝড়ের কবলে পড়ে একপর্যায়ে ডুবে যায়।