গাছ কেটে কিসের উন্নয়ন
বুঝতে পারছি না, দেশে হচ্ছেটা কী! গত মাসেই কয়েকটা খবর দেখলাম গাছ কাটার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫৪টি পরিণত বড় গাছ কেটে ফুটপাত ও রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে তিন বছর আগে রোপণ করা ৫৪টি গাছ উপড়ে ফেলা হয়েছে। কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, রাস্তা প্রশস্ত ও ফুটপাত করার জন্য গাছগুলো কাটা না, সরানো হচ্ছে, এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগানো হচ্ছে।
পরিবেশ ধ্বংস করে সৌন্দর্যবর্ধনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনগুলো তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে। ক্যাম্পাসের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে গাছ উপড়ানো বন্ধ করে পরিবেশবান্ধব বিকল্প উপায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিতে ক্যাম্পাসের কদমতলায় মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।