খাবারের মাঝে পানি পান, ওজন কমায় নাকি বাড়তি খাওয়া হয়
ওজন কমাতে কিংবা কম খেতে খাবারের আগে ও মাঝে একটু বেশি পানি পানের পরামর্শ বেশ পুরোনো। সাধারণত অনেকে মনে করেন, পানি পাকস্থলীকে প্রসারিত করে দ্রুত পেট ভরানোর অনুভূতি দেয়। কিন্তু পুষ্টিবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘অ্যাপেটাইট’-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণা এই ধারণা ভুল প্রমাণ করেছে। কর্নেল ইউনিভার্সিটি এবং পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের যৌথ এই গবেষণায় দেখা গেছে, খাবারের ফাঁকে ফাঁকে পানি পান করা বা চুমুক দেওয়া প্রকৃতপক্ষে খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দেয়।
বিজ্ঞানীদের এই দল ৮৬ জন প্রাপ্তবয়স্ক মানুষের মোট ১৭২টি খাবারের অভ্যাসের ওপর একটি সেকেন্ডারি বিশ্লেষণ বা পর্যবেক্ষণ পরিচালনা করে। অংশগ্রহণকারীদের নিজেদের পছন্দ অনুযায়ী চিকেন টিক্কা মাসালা কিংবা বিফ চিলি পরিবেশন করা হয়। খাওয়ার সময় তাঁদের ভিডিও ধারণ করা হয়, যাতে খাবার ও পানি পানের প্রতিটি আচরণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা যায়। গবেষণায় উঠে আসা ফল পুষ্টিবিদদের প্রচলিত অনেক তত্ত্বকে চ্যালেঞ্জ করে। এই গবেষণায় দেখা গেছে, পানি পানের পরিমাণ যত বেড়েছে, খাবার গ্রহণের হারও ততই বেড়েছে।