রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা হতে পারে
দেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা ও গুঞ্জন একটাই-কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? আর এই আলোচনার মধ্যেই আজ বসছে ক্ষমতাসীন দল বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। দলীয় সূত্র বলছে, আজকের সভার অন্যতম প্রধান এজেন্ডাই হলো পরবর্তী রাষ্ট্রপ্রধান ইস্যুতে আলোচনা এবং প্রার্থী বাছাই করা। একই সঙ্গে ‘সরকারের ১৮০ দিন’র কর্মপরিকল্পনা ও সমসাময়িক বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্যরা এতে অংশ নেবেন।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুক্রবার রাতে যুগান্তরকে বলেন, দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন শনিবার। তবে বৈঠকের এজেন্ডা জানানো হয়নি। ধারণা করছি, রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ে আলোচনা হতে পারে।
- ট্যাগ:
- রাজনীতি
- রাষ্ট্রপতি নির্বাচন
- রাষ্ট্রপতি