আগের ছয় মাসের চেয়ে ডেঙ্গুর মৃত্যু জুলাইয়ে দ্বিগুণ
চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে যত মৃত্যু হয়েছিল, জুলাই মাসের ৩০ দিনেই সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে এডিস মশাবাহিত এ রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ছয় দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটল।
জনস্বাস্থ্যবিদ ও কীটতত্ত্ববিদদের আশঙ্কা আগামী আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তেই থাকবে। চলতি বছর ডেঙ্গু প্রতিরোধে যে কোনো কাজ হয়নি, জুলাইয়ে এত মৃত্যু ও সংক্রমণ সেই বাস্তবতা তুলে ধরে বলে মনে করছেন তাঁরা। সাধারণত ডেঙ্গুর প্রকোপ বেশি পরিমাণ থাকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। কিন্তু চলতি মাসের বৃষ্টি এবং নিয়ন্ত্রণে সরকারি উদাসীনতায় এবার বড় সংক্রমণের সময় অক্টোবর পর্যন্ত গড়াতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪৬৩।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৫৩।