কিছুই বদলায়নি, যারা ঘুষ খেত তারা এখনো ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে: মির্জা ফখরুল
মাত্র চার থেকে পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগে যারা ঘুষ খেত, তারা এখনো একইভাবে ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। ভালো কাজ আটকে দেওয়ার প্রবণতাও বদলায়নি। এমনকি ভোল পাল্টানো অনেকেই এখন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে সামনে আসছেন।
আজ বৃহস্পতিবার ডিএফপি অডিটরিয়ামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘...আমার এই চার পাঁচ মাসে মন্ত্রিত্বের অভিজ্ঞতা, আপনাদের বলা দরকার আমার, আমি দেখেছি কিছুই বদলায়নি।’ তিনি বলেন, একইভাবে আগে যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে, আটকে দিচ্ছে। একইভাবে লোকজন ভোল পাল্টাচ্ছে। ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে।