বিশ্বকাপসহ নিজেদের মূল প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রি করার যে পরিকল্পনা ফিফা হাতে নিয়েছে, সেটির তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্পোর্টস চিফ গ্লেন মিকাল্লেফ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের খেলা থেকে দূরে থাকুন।’
আন্তর্জাতিক ফুটবলের এই প্রস্তাবিত বাণিজ্যিকীকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মিকাল্লেফ লেখেন, ‘ফুটবলের লাগামহীন বাণিজ্যিকীকরণ খেলাটিকে ক্রমেই ক্ষতিগ্রস্ত করছে। বাণিজ্যিক সাফল্য ফুটবলের ভিত্তি মজবুত করার কথা, গ্রাস করার কথা নয়।’