শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
কালজয়ী গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’র সঙ্গে রিল বানিয়ে আলোচনায় এসেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের শিক্ষক বিউটি রানী পাল। শুরুতে কিছু লোক তার সমালোচনা করেছিল। তবে পরে সেটার বিপরীতে দেশজুড়ে তার সমর্থনে সোচ্চার হন সচেতন মানুষেরা। বহু শিক্ষক রীতিমতো সেই গানেই রিল বানিয়ে বিউটি রানীর সমর্থনে প্রতিবাদ জানিয়েছেন।
এবার এই শিক্ষকের পক্ষ নিয়ে প্রশংসা করলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এমন সংস্কৃতিমনা হওয়ায় তাকে ধন্যবাদও জানিয়েছেন শিল্পী।
এ ঘটনার রেশ ধরে নিজের শৈশবের স্মৃতিও টেনে এনেছেন আসিফ। গতকাল রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লেখেন, ‘প্রয়াত শ্রীমতি কল্যানী সেন গুপ্তা ছিলেন কুমিল্লা গুলবাগিচা স্কুলের কালচারাল শিক্ষিক, ছিলেন বিদ্রোহী কবির অনুরক্ত। দূরন্তপনার লাগাম টানতে আমাকে যুক্ত করলেন কালচারাল অ্যাক্টিভিটিজে। তিনি আবৃত্তি, নাটিকা, সংগীতের পাশাপাশি ট্রেইন্ড আপ করলেন মিলাদ পড়ানোতেও। কল্যানী আপার তিন বছরের শাসনামলে শাস্তি এড়াতে স্কুলের ছাত্র হিসেবে কম্পিটিশনে অংশ নিতে বাধ্য হয়েছি।’
- ট্যাগ:
- বিনোদন
- প্রধান শিক্ষক
- রিলস
- আসিফ আকবর