আজও বৃষ্টির সম্ভাবনা সারা দেশে, কমবে তাপমাত্রা
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করছে। এর প্রভাবে আজ বুধবার বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকালে আজকের পত্রিকাকে এ সব তথ্য জানান।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।