ঋণের চাহিদা কমায় অতিরিক্ত তারল্যের চাপে ব্যাংক
বেসরকারি খাতে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য রেকর্ড পরিমাণে বেড়েছে।
ঋণ বিতরণ করতে না পেরে বাণিজ্যিক ব্যাংকগুলো সেই অর্থ বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হিসাবে জমা রাখছে, যেখানে তুলনামূলক কম সুদ পাওয়া যায়।
ব্যাংকাররা বলছেন, সরকারি ট্রেজারি বিলে বিনিয়োগের পরও ব্যাংকগুলোর হাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উদ্বৃত্ত থাকছে। সরকারের চাহিদার তুলনায় বেশি আবেদন জমা পড়ায় ট্রেজারি বিলের সুদহারও কমছে। ফলে ট্রেজারি বিল থেকে ব্যাংকগুলোর আয় কমেছে।
কর্মকর্তাদের আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘায়িত হলে আমানতের সুদহার কমানোর পাশাপাশি আমানত সংগ্রহও কমিয়ে দিতে হবে ব্যাংকগুলোকে।
বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের অতিরিক্ত তারল্য বাংলাদেশ ব্যাংকের এসডিএফ হিসাবে জমা রাখতে পারে। এর বিপরীতে তারা বর্তমানে সাড়ে ৭ শতাংশ হারে সুদ পাচ্ছে, যা কল মানির চেয়ে অনেক কম।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল ৯১ দিনের ট্রেজারি বিলের সুদহার ছিল ১০ দশমিক ১৭ শতাংশ, ১৮২ দিনের বিলের সুদহার ১০ দশমিক ৪৯ শতাংশ এবং ৩৬৪ দিনের বিলের সুদহার ১০ দশমিক ৬৪ শতাংশ।