এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকায় নিয়মিত টহলে ছিলেন বনরক্ষীরা। হঠাৎ বন থেকে বেরিয়ে একটি বাঘ কচিখালী খালে নেমে পড়ে। বাঘটি ধীরস্থির ভঙ্গিতে সাঁতার কেটে খালের অপর পারে যাওয়ার চেষ্টা করছিল। এ ঘটনা রোববার সকালের।
বন বিভাগের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান মুঠোফোনে বাঘের ওই দৃশ্য ধারণ করেন। তিনি বলেন, বাঘটি খালের মাঝে পৌঁছে টহল বোটের ইঞ্জিনের শব্দ পেয়ে আবার ঘুরে বনের দিকে চলে যায়। এত কাছ থেকে বাঘের সাঁতার দেখা তাঁর জীবনের এক বিরল অভিজ্ঞতা।’
সুন্দরবনের বাঘ সচরাচর দেখা যায় না। বনজুড়ে তার উপস্থিতির প্রমাণ মেলে পায়ের ছাপ, শিকারের চিহ্ন কিংবা ট্র্যাপ ক্যামেরার ছবিতে। কিন্তু গত এক সপ্তাহে বনকর্মীদের সামনে ধরা দিল দুটি বিরল দৃশ্য। একদিন বন বিভাগের কার্যালয়ের সামনে রাজসিক ভঙ্গিতে হেঁটে বেড়িয়েছে একটি বেঙ্গল টাইগার, আর দুই দিন পর দেখা গেছে আরেকটি বাঘ একটি খাল সাঁতরে পার হয়ে যাচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা বলছেন, সুন্দরবনের পরিবেশ এখন নিরাপদ। পর্যাপ্ত খাদ্য, নিয়মিত টহল ও মানুষের চলাচল কমে যাওয়ায় বাঘগুলো স্বাভাবিক আচরণে বেশি দেখা দিচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাঁতার
- রয়েল বেঙ্গল টাইগার