জামায়াত প্রার্থী করছে সাদিক কায়েমকে, আসিফ মাহমুদ কী করবেন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। তবে এর আগেই এই সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আসিফ মাহমুদ এখন এনসিপির নীতিনির্ধারকদের একজন, দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এনসিপি তাঁকে প্রার্থী ঘোষণার পর জামায়াতের দিক থেকে সাদিক কায়েমকে সেখানে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এটাকে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা না হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ। আবার কারও কারও মত, দুই দলই এখন নিজেদের মতো করে প্রার্থী ঠিক করছে। শেষ পর্যন্ত কী হয়, তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট বেঁধে অংশ নিয়েছিল জামায়াত ও এনসিপি। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচন কবে হবে, তা চূড়ান্ত না হলেও বছরের শেষ দিকে শুরু করার পরিকল্পনা রয়েছে।