চার বছর ধরে শীর্ষে এনসিটি, চতুর্থ সৌদির আরএসজিটি
একসময় দেশে সবচেয়ে বেশি কনটেইনার পরিবহন হতো চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) দিয়ে। অর্ধশত বছরের বেশি পুরোনো এই সুবিধার ছয়টি কনটেইনার জেটি পরিচালনা করছে ছয়টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান। তবে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চারটি জেটি পুরোদমে চালু হওয়ার পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি যুক্ত হলে পরিস্থিতি বদলে যায়। একপর্যায়ে জিসিবিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে এনসিটি।
টার্মিনাল অপারেটর ও বন্দরের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে কনটেইনার পরিবহনে প্রথম অবস্থানে রয়েছে এনসিটি। এ নিয়ে টানা চার অর্থবছর শীর্ষস্থান ধরে রেখেছে টার্মিনালটি। জিসিবি দ্বিতীয়, চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) তৃতীয় ও সৌদির প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) পরিচালনাধীন আরএসজিটি চিটাগং চতুর্থ অবস্থানে রয়েছে।
চট্টগ্রাম ও মোংলা বন্দরে সমুদ্রগামী জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর জন্য থাকা পাঁচটি প্রধান টার্মিনালের তথ্য তুলনা করে এ চিত্র পাওয়া গেছে। তবে এই ক্রমতালিকা শুধু পরিবহন করা কনটেইনারের সংখ্যার ভিত্তিতে করা হয়েছে। এ ক্ষেত্রে টার্মিনালগুলোর দক্ষতার তুলনা করা হয়নি। কারণ, টার্মিনালভেদে জেটির সংখ্যা, জাহাজ বরাদ্দ, ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতির সুবিধা আলাদা।