বেশির ভাগ শুটার তালিকার বাইরে
চুরি-ছিনতাই দিয়ে অপরাধজগতে ঢোকা শহীদুল ইসলাম পরে মাদক কারবারে জড়িয়ে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। একসময় ‘কিশোর গ্যাং’ নেতা হিসেবে পরিচিত এই শহীদুল এখন চট্টগ্রামের আলোচিত অস্ত্রধারী সন্ত্রাসীদের একজন। অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) করা চট্টগ্রাম মহানগরের ‘শুটার’ তালিকায় শহীদুলের নাম আছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, শহীদুলের মতো বাহিনী পরিচালনা, প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলি চালানোর অভিযোগ থাকা অনেকের নামই নেই পুলিশের তালিকায়।
প্রথম আলোর অনুসন্ধানে চট্টগ্রাম মহানগর ও বিভাগের সাত জেলায় (পার্বত্য তিন জেলা ও কক্সবাজার ছাড়া) পুলিশের তালিকার বাইরে অন্তত ১৩৯ জন অস্ত্রধারী সন্ত্রাসীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম মহানগরেই তালিকার বাইরে রয়েছে অন্তত ৮৫ জন। অথচ পুলিশের তালিকায় মহানগরে ‘শুটার’ হিসেবে নাম আছে মাত্র ৯ জনের।