আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল। অভিনয়জীবনে শক্তিশালী চরিত্র নির্মাণ এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আহমেদ শরীফ এক অনন্য ব্যক্তিত্ব। ভিলেন, চরিত্রাভিনেতা কিংবা বহুমাত্রিক নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তার অভিনীত অসংখ্য স্মরণীয় চরিত্র বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল কর্তৃপক্ষের ভাষ্য, বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরার পাশাপাশি দেশের কিংবদন্তি শিল্পীদের সম্মানিত করাও এই উৎসবের অন্যতম উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রথম আসরেই আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে আহমেদ শরীফকে।
আগামী ২ আগস্ট নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিত থাকার কথা রয়েছে।