You have reached your daily news limit

Please log in to continue


২০২৫ সালে জাতীয় পার্টির আয়ের চেয়ে ব্যয় বেশি

২০২৫ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন অংশ। দলটি গত বছরে আয় করেছে ১ কোটি ৮২ লাখ ৪২৭০ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। তবে বর্তমানে তাদের ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে গত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, ‘২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের দলের আয় হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪ হাজার ২৭০ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। এ ক্ষেত্রে আমাদের ৫ লাখ ৭৯ হাজার ১৬৩ টাকা বেশি খরচ হয়েছে। অন্যদিকে গত বছরের (২০২৪) স্থিতিসহ ব্যাংকে জমা ছিল ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ১৬৪ টাকা। ২০২৫ সালের খরচ শেষে এখন জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।’

এ বছর নির্বাচন হওয়ায় খরচ বেশি হয়েছে বলে উল্লেখ করেন রেজাউল ইসলাম ভূঁইয়া।

স্থানীয় সরকার নির্বাচনে জাপার সমর্থিত প্রার্থী থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এবার স্থানীয় সরকার দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ নেই। তারপরও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে না, সমর্থন করে থাকে। গতবার আনুষ্ঠানিক ভাবে প্রার্থী দিলেও, এবার আমাদের প্রার্থীরা যার যার মতো অংশ নেবে এবং আমাদের তাতে সমর্থন থাকবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন