অবৈধ ভিওআইপি: অপারেটরদের জরিমানা ‘যথেষ্ট নয়’, ফৌজদারি তদন্তের দাবি
অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) কারবারে ব্যবহৃত হাজার হাজার সিম শনাক্তের পর চার মোবাইল ফোন অপারেটরকে জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। তবে শুধু জরিমানাকে ‘অপর্যাপ্ত’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনটি বলছে, কেবল প্রশাসনিক জরিমানা করে এত বড় অনিয়মের দায় এড়ানো সম্ভব নয়। রাষ্ট্রীয় রাজস্ব ক্ষতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এর নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ফৌজদারি তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
সম্প্রতি অবৈধভাবে আন্তর্জাতিক কল টার্মিনেশনে ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহারের অভিযোগে চারটি মোবাইল অপারেটরকে মোট ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান ও গভীর উদ্বেগের কথা জানায় গ্রাহক অধিকার রক্ষাকারী সংগঠনটি।