এবার মায়ের কবরও বুলডোজারের মুখে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১০:১৫

বাড়ির উঠানে পাশাপাশি দুটি কবর। একটি মায়ের, আরেকটি ভাইয়ের। কবর দুটির দিকে কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থাকেন পঞ্চাশোর্ধ্ব কাজী মাজহারুল আনোয়ার। তার পর ধীরে ধীরে বলেন, ‘পূর্বাচলে আমার দাদা-নানার কবর ছিল। সরকারি অধিগ্রহণের পর সব ভেঙে সেখানে প্লট বানানো হয়েছে। এখন আবার আমার মায়ের কবরও কি একই পরিণতি পাবে?’


দাদা, নানাসহ পূর্বসূরিদের অনেকের কবর ছিল সেখানে। ১৯৯৩ সালে নিজেদের বসতভিটা ছেড়ে দিতে বাধ্য হন। কবরগুলো মাটির সঙ্গে মিশে হয়ে গেছে প্লট। পরিবার-পরিজন নিয়ে তাঁদের ঠাঁই হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ফুলবাড়িয়ায়। এক জীবনে একবার নয়, দ্বিতীয়বার ভিটেমাটি হারানোর শঙ্কায় দিন কাটছে তাঁর।


শুধু কাজী মাজহারুল নন, ফুলবাড়িয়া, শিমুলিয়া, কুলাদি ও ব্রাহ্মণখালী মৌজার অন্তত ২০০টি পরিবারের সামনে এখন একই আশঙ্কা। সরকারি একটি সংস্থার বিশেষ প্রকল্পের জন্য প্রায় ৩৮.৭৬ একর জমি অধিগ্রহণের প্রস্তুতি চলছে। এতে সহস্রাধিক মানুষের বসতভিটা, কৃষিজমি, পারিবারিক কবরস্থান এবং বহু বছরের গড়ে তোলা জীবন-জীবিকা হারানোর শঙ্কা তৈরি হয়েছে।


গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় এক ধরনের চাপা উৎকণ্ঠা।


স্থানীয় বাসিন্দাদের মুখে একটাই প্রশ্ন—একবার উচ্ছেদ হওয়ার পরও কি আবারও আমাদের ঘর ছাড়তে হবে?


স্থানীয় বাসিন্দারা কালের কণ্ঠকে বলেন, নব্বই দশকে পূর্বাচল প্রকল্পে সরকারি অধিগ্রহণে নিজেদের সর্বস্ব হারিয়েছিলেন তাঁরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পূর্বপুরুষের কবর, বসতভিটা আর জীবিকার শেষ সম্বলটুকু। নামমাত্র ক্ষতিপূরণ নিয়ে একটু দূরে সরে গিয়ে নতুন করে গড়ে তুলেছিলেন নিজেদের অস্তিত্ব।


কিন্তু তিন দশক পর সেই দুঃস্বপ্ন যেন আবারও ফিরে এসেছে। রাষ্ট্রীয় উন্নয়ন ও একটি সংস্থার অবকাঠামো নির্মাণ প্রকল্পের নামে আবারও অধিগ্রহণের মুখে পড়েছে তাঁদের তিলে তিলে গড়ে তোলা বসতভিটা ও আবাদি জমি।


সরকারি একটি সংস্থার বিশেষ প্রকল্পের আওতায় শিমুলিয়া, ফুলবাড়িয়া, কুলাদি ও ব্রাহ্মণখালী মৌজার শতবর্ষী বসতভিটা এবং উর্বর কৃষিজমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, কোনো ধরনের গণশুনানি বা জনমত যাচাই ছাড়াই অত্যন্ত গোপনীয়ভাবে সার্ভে পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে নামমাত্র ক্ষতিপূরণের মাধ্যমে সহস্রাধিক মানুষকে আবারও নিঃস্ব করার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও