রাষ্ট্রপতির বিদায়: বঙ্গভবন ছেড়ে কাল উঠছেন গুলশানে নিজের ফ্ল্যাটে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে মো. সাহাবুদ্দিন এখন সাবেক রাষ্ট্রপতি। তবে পদ ছাড়লেও আরও দুই দিন বঙ্গভবনে অবস্থান করবেন তিনি। আজ শনিবার বঙ্গভবনে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন তিনি। রোববার ফিরে যাবেন গুলশানের নিজের ফ্ল্যাটে। বঙ্গভবনের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পদত্যাগের পরে মো. সাহাবুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়েছিল গতকাল শুক্রবার বিকেলে। তবে সেটি নাকচ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। গতকাল রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শুক্রবার বঙ্গভবনেই থাকছেন। এর মধ্যেই তিনি চিকিৎসার জন্য দুইবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলেন। দুই-তিন দিন আগে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে যে তিনি অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্ত। কিন্তু আজ এমন কিছু হলে জানতাম। তিনি বঙ্গভবনেই আছেন।’
সরওয়ার আলম বলেন, পদত্যাগ করলেও মো. সাহাবুদ্দিন প্রটোকলের (রাষ্ট্রাচার) বাইরে যাননি। নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস তিনি প্রটোকল পাবেন। নিয়ম মোতাবেকই তিনি বঙ্গভবন থেকে বিদায় নেবেন।
নিয়ম অনুযায়ী কোনো রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বিদায় নেওয়ার আগে কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠক করে থাকেন। বঙ্গভবন সূত্র বলেছে, আজ শনিবার বেলা ১২টায় বঙ্গভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক করবেন মো. সাহাবুদ্দিন।