পাহাড়ে গিয়ে কেন বারবার পথ হারাচ্ছে জেন-জি
সামাজিক যোগাযোগমাধ্যমে পাহাড়, ঝরনা, বন আর মেঘে ঢাকা উপত্যকার ছবি দেখে অনুপ্রাণিত হয়ে জেনারেশন জেড বা জেন-জির তরুণদের মধ্যে হাইকিংয়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে যতটুকু না প্রস্তুতি, তার চেয়ে অনুপ্রেরণা বেশি থাকায় অনেকেই পাহাড়ে গিয়ে বিপদেও পড়ছেন। এমনকি অনেক ক্ষেত্রে উদ্ধারকারী দলের সহায়তাও নিতে হচ্ছে তাদের।
এই বিষয়ে এক প্রতিবেদনে সম্প্রতি ‘দ্য ইকোনমিস্ট’ জানায়, ‘শটি বয়’ নামে পরিচিত এক তরুণ হাইকিংপ্রেমী স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলের মনোমুগ্ধকর ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করেন। ইনস্টাগ্রাম ও টিকটকে তাঁর অনুসারীর সংখ্যা এক লাখের বেশি। ব্যাকপ্যাক, ফ্লাস্ক ও জ্যাকেটসহ পাহাড়ে হাঁটার উপযোগী পোশাকে তাঁকে প্রায়ই দেখা যায়। তাঁর মতো অসংখ্য ইনফ্লুয়েন্সার তরুণদের প্রকৃতির কাছে যেতে নিয়মিত উৎসাহিত করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হাইকিংয়ের অসংখ্য ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এটি এখন তুলনামূলক কম খরচে শরীরচর্চা ও বিনোদনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। বিভিন্ন ইনফ্লুয়েন্সার দর্শনীয় পথ, বিশ্রামের স্থান ও পাহাড়ি আশ্রয়কেন্দ্রের তথ্য দেন। ‘অলট্রেইলস’-এর মতো অ্যাপও সহজে হাঁটার পথ খুঁজে পেতে সহায়তা করছে। ফলে মানচিত্র অধ্যয়নের চেয়ে স্মার্টফোনের পর্দায় অভ্যস্ত তরুণদের জন্য পাহাড়ে ঘোরার পরিকল্পনা করা আগের চেয়ে অনেক সহজ হয়েছে।