ডেপুটি কমিশনার কেন জেলা প্রশাসক
একটি জেলার সর্বোচ্চ অধিকর্তা হচ্ছেন জেলা প্রশাসক, যাঁকে আমরা ডিসি বলে অভিহিত করি। দেশের ৬৪ জেলায় প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী এই সরকারি কর্মকর্তাকে ডিসি সম্বোধনের যৌক্তিকতা কতটুকু, তা আবার নতুন করে ভাবার সময় এসেছে।
ইংরেজি পদনাম এই ডিসি হচ্ছে ‘ডেপুটি কমিশনার’-এর সংক্ষেপ। অথচ বাংলায় বলা হচ্ছে ‘জেলা প্রশাসক’, যা দেশের কোনো আইন-বিধিতে নেই। তবে এর যৌক্তিকতা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের জন্য ‘পদবির পরিভাষা’ শীর্ষক প্রকাশনার ৬২ নম্বর পৃষ্ঠায় ‘ডেপুটি কমিশনার’-এর বাংলা পরিভাষা করা হয়েছে ‘জেলা প্রশাসক’। কিন্তু একই পৃষ্ঠায় ‘ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস’-এর বাংলা পদনাম করা হয়েছে ‘উপকর কমিশনার’, ‘ডেপুটি কমিশনার অব কাস্টমস’কে বলা হয়েছে ‘উপকর কমিশনার, কাস্টমস’, ‘ডেপুটি কমিশনার অব পুলিশ’কে বলা হয়েছে ‘উপপুলিশ কমিশনার’।
এই অনুসন্ধানেও ‘ডেপুটি কমিশনার’-এর বাংলা পদনাম ‘জেলা প্রশাসক’ শব্দটি অমীমাংসিতই রয়ে যায়। এখন সময় এসেছে সুদীর্ঘ সময় ধরে চলে আসা এই অমীমাংসিত শব্দটিতে একটা মীমাংসায় আসার। কারণ কোনো অমীমাংসিত পথে হাঁটা মানেই একটি ভুল পথে পরিচালিত হওয়া। আর ভুল পথে থাকা মানেই ইচ্ছাকৃত শুদ্ধতার পথ পরিহার করা, যা কোনোমতেই একটি ভালো প্রশাসননীতি হতে পারে না। অর্থাৎ ‘ভুলে যাদের জীবন গড়া’ প্রচলিত বাক্যটির মতোই একটি জগদ্দল পাথর বয়ে বেড়ানো। তাই এই সংস্কারটিকে এখন জরুরি বলেই মনে করি।
প্রসঙ্গত, একটু পেছন ফিরে তাকালেই আমরা দেখতে পাই, ২০২৪ সালের ডিসি সম্মেলনে মন্ত্রিপরিষদসচিব মাহবুব হোসেন ব্রিফিংয়ে এলে তাঁকে এই প্রশ্নটির মুখে পড়তে হয়। সেদিনও তিনি ‘জেলা প্রশাসক’ পদনামটির আইনি ভিত্তি সম্পর্কে জবাব দিতে পারেননি। তাঁর পাশে সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব মিলিয়ে উপস্থিত অন্তত আটজন কর্মকর্তাও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি।
এক পর্যায়ে মন্ত্রিপরিষদসচিব বলেন, ‘এটি যাঁরা করেছেন, তাঁদের কাছে জেনে নিতে পারেন।’ এভাবে দায়সারা জবাব দিয়ে তিনি সেদিন বিষয়টি এড়িয়ে যান। তাহলে এখন সেই বাংলা অনুবাদের দিকেই দৃষ্টি দেওয়া যাক। এখানেও দেখা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলা ভাষা বাস্তবায়ন কোষের (বাবাকো) যাঁরা সরকারি কর্মচারীদের ‘পদবির পরিভাষা ২০১৮’ প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাও বিষয়টি পরিষ্কার করেননি। তবে সেখান থেকে একটি কথা পাওয়া গেছে, তা হচ্ছে—ওপরের নির্দেশে ‘জেলা প্রশাসক’ করা হয়েছে। কিন্তু এটি সঠিক অনুবাদ নয়। মজার বিষয় হচ্ছে, ‘ডেপুটি কমিশনার’-এর ঊর্ধ্বতন হিসেবে বিভাগীয় প্রশাসনে যিনি দায়িত্ব পালন করেন, তাঁর পদবি ‘কমিশনার’, বাংলা পরিভাষায় যা ‘কমিশনার’ই রাখা হয়েছে। অর্থাৎ সেখানে ‘কমিশনার’কে ‘বিভাগীয় প্রশাসক’ বলা হয়নি।
আবার এরপর ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনেও এর মীমাংসিত উত্তর দিতে পারেননি মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি স্বীকারও করলেন, আইন-বিধিতে ‘জেলা প্রশাসক’ শব্দটি নেই। অবশ্য ‘জেলা প্রশাসক’ শব্দটি নিয়ে কঠিন মন্তব্য করেছিলেন সাবেক সচিব ও এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান। তিনি বলেছিলেন, ‘জোর যার মুল্লুক তার নীতি ঔপনিবেশিক আমল থেকে প্রয়োগ হচ্ছে। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরও অনেক ক্ষেত্রে সেটি রয়ে গেছে। ডিসিদের জেলা প্রশাসক পদবি বহাল রাখা তারই ধারাবাহিকতা। প্রশাসক শব্দের মাধ্যমে একটি মাতবরি বা মোড়লিপনার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা। এই পদনামটি পরিবর্তন হওয়া উচিত।’
এ কথাটি স্পষ্ট যে গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক বা প্রশাসক হন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংবিধানে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৫৯(১) অনুচ্ছেদে ‘নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানগুলোর ওপর’ প্রজাতন্ত্রের প্রশাসনিক শাসনের ভার প্রদানের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রজাতন্ত্রের প্রশাসনিক ইউনিটগুলো নির্বাচিত প্রতিনিধির নেতৃত্বে পরিচালিত হবে। দেশের প্রশাসনিক ইউনিটগুলোর অন্যতম—উপজেলা, জেলা ও বিভাগ। আজ বাস্তবতা হচ্ছে, এর কোনোটিই নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে পরিচালিত হচ্ছে না। উপজেলা পরিষদ ও জেলা পরিষদ গঠন করা হলেও কার্যত এসব প্রতিষ্ঠানকে আলংকারিক করে রাখা হয়েছে।
একসময় ডিসি ছিলেন, পরে সচিব হিসেবে অবসর নেন এমন একজন এ কে এম আব্দুল আওয়াল মজুমদারের ভাষ্য ছিল—‘ডেপুটি কমিশনার’-এর বাংলা কোনোভাবেই ‘জেলা প্রশাসক’ হতে পারে না। তবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলা পরিভাষা হিসেবে জেলা প্রশাসক ব্যবহার হয়ে আসছে। তবে এ ক্ষেত্রে আমাদের মনে আরেকটি প্রশ্নের উদ্ভব হয়, তা হচ্ছে—বিভিন্ন জেলার ওয়েবসাইটগুলোতে ঢুকলে দেখা যায়, ডিসিরা তাঁদের পরিচয় লিখেছেন, ‘জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট’। প্রশ্ন হচ্ছে, ‘জেলা প্রশাসক’ শব্দদ্বয় যদি ‘জেলা ম্যাজিস্ট্রেট’-এর বাংলা পরিভাষা হবে, তাহলে একই বিষয় দুইবার করে লেখার কী দরকার।
- ট্যাগ:
- মতামত
- জেলা প্রশাসক নিয়োগ