নাহিদ, আসিফ ও মাহফুজের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মাহমুদুর রহমান
জুলাই গণ–অভ্যুত্থানের পর ‘বিপ্লবীদের’ তিনজনের (নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম) অন্তর্বর্তী সরকারের অংশ হওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, তাঁদের উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ, বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে’ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইইবি) এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (এনইএবি)।
অন্তর্বর্তী সরকারে নাহিদ, আসিফ ও মাহফুজদের যোগদান প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসররা আজ যে স্পর্ধা দেখাচ্ছে, এটা তারা কী করে পারল? বিপ্লবীদের ভুলের জন্য, অনৈক্যের জন্য। প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে, তখন সবাই মিলে সরকার গঠন করে। যেটা কিউবার বিপ্লবে হয়েছিল; কিন্তু জুলাই বিপ্লবের পর বিপ্লবীদের কয়েকজনের একধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল।
- ট্যাগ:
- রাজনীতি
- গণঅভ্যুত্থান