গণভোট প্রসঙ্গে জামায়াত আমির: একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ২১:৪৩
গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কীভাবে—ক্ষমতাসীন বিএনপির উদ্দেশে এমন প্রশ্ন রেখে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘কী চমৎকার যুক্তি! একই ডেকচিতে গোশত পাকানো হয়েছে। গোশতের ঝোল হলো হারাম আর গোশত হইল হালাল। কী আশ্চর্য ব্যাপার!’
জামায়াতের আমির বলেন, ‘হারাম হইলে তো দুটোই হারাম। হালাল হইলে দুটোই হালাল। যদি গণভোট হারাম হয়, তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হইলে এখন এই দেশে কোনো সরকার নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে আয়োজিত এক জনসভায় জামায়াতের আমির এ কথাগুলো বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর–সংলগ্ন ফলপট্টি এলাকায় এই জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর।