ইউরোপের প্রথম দেশ হিসেবে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছেন ফ্রান্সের আইনপ্রণেতারা। গতকাল মঙ্গলবার এই ভোট গ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য এমন বয়সসীমা নির্ধারণ করল ফ্রান্স।
গত বছরের শেষের দিকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর প্রথম নিষেধাজ্ঞা জারি করে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়া। গত মাসে যুক্তরাজ্য সরকারও একই ধরনের বিধিনিষেধের ঘোষণা দিয়েছে, যা আগামী বছর থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া স্পেন, গ্রিস ও ডেনমার্কও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ন্যূনতম বয়সসীমা নির্ধারণের পরিকল্পনা করছে।
ফরাসি আইনপ্রণেতারা বিপুল সমর্থনে বিলটি পাস করেন। বিলটির জোরালো সমর্থক ছিলেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। এখন তিনি এতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করবেন।
ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাখোঁ আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘চলতি শিক্ষাবর্ষ থেকেই ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা হবে।’
এর আগে জানুয়ারিতে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘আমাদের সন্তানদের ও কিশোর-কিশোরীদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। আমাদের সন্তানদের আবেগ-অনুভূতি বিক্রি বা নিয়ন্ত্রণের জন্য নয়; কোনো মার্কিন প্ল্যাটফর্ম কিংবা চীনা অ্যালগরিদম, কারও দ্বারাই তা হতে দেওয়া হবে না।’