ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৭০ বিলিয়নের আবেদন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের কাছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রস্তাবিত বাজেটের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধের জন্য প্রায় ৭০ বিলিয়ন ডলার বরাদ্দের আবেদনও রয়েছে।
তবে হেগসেথের দেওয়া ব্যয়ের হিসাব অন্যান্য অনেক মূল্যায়নের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বিশেষ করে যেসব হিসাবের মধ্যে মার্কিন ভোক্তাদের ওপর যুদ্ধের পরোক্ষ অর্থনৈতিক প্রভাবও ধরা হয়েছে। উদাহরণ হিসেবে, মুডিজ অ্যানালিটিক্সের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে যুদ্ধের অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যয় যুক্তরাষ্ট্রের জন্য ১৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিনের প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘আজ পর্যন্ত আমাদের যে হিসাব রয়েছে, তা হলো ৩৭.৫ বিলিয়ন ডলার।’ তিনি আরও জানান, এই হিসাবের মধ্যে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলমান কিছু সামরিক অভিযান ও রক্ষণাবেক্ষণ ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য দেননি।