হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় খরচ বাড়ল ৩৮৪৮১ টাকা
গতবারের তুলনায় ৩৮ হাজার ৪৮১ বৃদ্ধি করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। যা ২০২৬ সালে ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ নির্ধারিত হয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। যা আগের বার ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
তবে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ৩৭ হাজার টাকা কমানো হয়েছে। এর ফলে হজযাত্রায় বিমান ভাড়া পড়ছে ১ লাখ ৩০ হাজার টাকা।
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।