দিল্লির জন্তর মন্তরে আবার অবস্থান নিল সিজেপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আবারও অবস্থান নিয়েছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একদিনের নাটকীয় সংঘর্ষের পর মঙ্গলবার সকালে সংগঠনটি ঘোষণা দিয়েছে, তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সোমবার পুলিশ যন্তর মন্তর থেকে আন্দোলনকারীদের মঞ্চ ও তাঁবু সরিয়ে দিলেও মঙ্গলবার ভোর থেকেই সিজেপির আহ্বানে বিক্ষোভকারীরা আবার সেখানে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে।
এর আগে সোমবার পার্লামেন্ট অভিমুখে ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে রাজধানীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের খুব কাছাকাছি পৌঁছে যান।
দিল্লি পুলিশ জানিয়েছে, সোমবারের কর্মসূচিতে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ‘উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস’ আচরণ করেছেন। বারবার সতর্ক করা এবং আইনসম্মত নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা ছত্রভঙ্গ হননি এবং নিষেধাজ্ঞা অমান্য করেছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আন্দোলন
- অব্যাহত