গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে : স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের (৭৭) বিচার সেনা আদালতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি এ কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে তার সঙ্গে কারা কারা জড়িত ছিল, এই বিষয়গুলো অধিকতর তদন্তের জন্য ফৌজদারি কোনো মামলা করার সুযোগ রয়েছে কিনা এবং অধিকতর তদন্তের কোনো চিন্তাভাবনা আপনারা করছেন কিনা এমন প্রশ্নের জবাব সালাহউদ্দিন আহমদ বলেন, মেজর মোজাফফর নামে যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের বিচার সামরিক আদালতে করা হয়েছে। সেখানে তখনকার সময়ের কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে আমরা যখন জানতে পেরেছি, তাকে আমরা গ্রেপ্তার করে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আছে কিনা, সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে।
তিনি বলেন, সেনা সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। কো-অ্যাকিউসডদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে, সেটা সম্ভবত সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালে হয়েছে। আমরা সেনাবাহিনীর কাছে তাকে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইন অনুযায়ী তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করে বলবে। একই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না।