আইটেম গানেও ‘ঘনিষ্ঠ’, কিয়ারাকে নিয়ে যত সমালোচনা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১৪:১৭
ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে থেকেই বিভিন্ন কারণে আলোচনা-সমালোচনায় রয়েছে। সিনেমাটির প্রথম ঝলক বা পোস্টার প্রকাশের পর এর প্রেক্ষাপট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ।
এবার সিনেমাটির নতুন গান ‘তাবাহি’ মুক্তির পর অভিনেতা যশের সঙ্গে কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মূলত, পোস্টারের পর এবার আইটেম গানেও এমন ‘ঘনিষ্ঠ’ রূপে হাজির হওয়ায় সামাজিক মাধ্যমে কিয়ারা আদভানিকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে বিবাহিত নারী হয়ে পর্দায় এমন সাহসী দৃশ্যে অভিনয় করায় নেটিজেনদের একাংশের কটাক্ষ ও ট্রোলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।'