ব্যথা বাড়ার আগেই বেছে নিন সঠিক সেঁক
হঠাৎ পায়ে মচকানো, ব্যায়ামের পর পেশিতে টান, কোমর বা ঘাড়ে ব্যথা-এমন সমস্যায় অনেকেই না ভেবেই গরম বা ঠান্ডা সেঁক দিয়ে বসেন। কিন্তু সব ধরনের ব্যথায় একই ধরনের সেঁক কার্যকর নয়। ভুলভাবে সেঁক দিলে ব্যথা কমার বদলে আরও বাড়তে পারে, এমনকি ফোলাভাব বা প্রদাহও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই ব্যথার ধরন বুঝে সঠিক সেঁক বেছে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কখন ঠান্ডা সেঁক দেবেন?
ঠান্ডা সেঁক বা কোল্ড থেরাপি মূলত নতুন আঘাতের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর। আঘাত পাওয়ার পর শরীরে প্রদাহ ও ফোলাভাব শুরু হয়। ঠান্ডা সেঁক রক্তনালি কিছুটা সংকুচিত করে, ফলে ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে।
যেসব ক্ষেত্রে ঠান্ডা সেঁক উপকারী
- মচকানো বা লিগামেন্টে টান
- খেলাধুলা বা ব্যায়ামে হঠাৎ আঘাত
- শরীরের কোনো অংশে ফোলাভাব
- ছোটখাটো আঘাত বা নীলচে দাগ
- পোকামাকড়ের কামড়ে ফোলা
কীভাবে ব্যবহার করবেন?
বরফ সরাসরি ত্বকে লাগাবেন না। একটি পাতলা তোয়ালে বা কাপড়ে বরফ বা আইস প্যাক মুড়ে ১৫-২০ মিনিট সেঁক দিন। প্রয়োজন হলে প্রতি ২-৩ ঘণ্টা পর আবার ব্যবহার করতে পারেন, বিশেষ করে আঘাতের প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টায়।কখন
গরম সেঁক উপকারী?
গরম সেঁক বা হিট থেরাপি দীর্ঘদিনের ব্যথা, পেশির শক্ত হয়ে যাওয়া বা জয়েন্টের জড়তা কমাতে বেশি কার্যকর। তাপ রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশি শিথিল করতে সাহায্য করে।
যেসব ক্ষেত্রে গরম সেঁক ভালো
- দীর্ঘদিনের কোমর বা ঘাড়ের ব্যথা
- পেশিতে টান বা শক্ত হয়ে যাওয়া
- হাঁটু বা জয়েন্টে জড়তা
- পুরোনো আঘাতের কারণে অস্বস্তি
- দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকার ফলে পেশির ব্যথা
কীভাবে ব্যবহার করবেন?
হট ওয়াটার ব্যাগ, গরম তোয়ালে বা হিট প্যাড দিয়ে ১৫-২০ মিনিট সেঁক দিতে পারেন। তবে অতিরিক্ত গরম যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ব্যথা কমানো
- সেঁক দেওয়া