স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগেভাগেই প্রস্তুতি বিএনপির
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ঠেকাতে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করতে নেতাদের নির্দেশ দিয়েছেন।
দলের নীতিনির্ধারকরা বলছেন, নির্বাচনে দলীয় প্রতীক না থাকলে একই এলাকা থেকে বিএনপির একাধিক নেতা প্রার্থী হতে পারেন। এ ক্ষেত্রে প্রত্যেকেই নিজেকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে দাবি করতে পারেন। এতে দলের সমর্থন বিভক্ত হতে পারে, পছন্দের প্রার্থী দুর্বল হয়ে পড়তে পারেন এবং প্রতিদ্বন্দ্বীরা সুবিধা পেতে পারেন।
এ কারণে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করতে ও পরামর্শের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীর পক্ষে দলের সব পর্যায়ের নেতাকর্মীর সমর্থন নিশ্চিত করতে স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
এ ছাড়া নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি এবং বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন সম্পন্ন করারও নির্দেশ দিয়েছেন তিনি।
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক সাংগঠনিক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন ও দলের পুনর্গঠন নিয়ে তারেক রহমান বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে কীভাবে দল একক প্রার্থী বেছে নেবে, সে বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান।