ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক, কিয়ারাই কেন লক্ষ্যবস্তু
মুক্তির আগেই ভারতীয় সিনেমার বহুল প্রতীক্ষিত ছবিগুলোর একটি হয়ে উঠেছে যশ অভিনীত ‘টক্সিক’। তবে ছবিটির প্রচারণার পাশাপাশি বিতর্কও কম হচ্ছে না। বিশেষ করে সম্প্রতি প্রকাশিত ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু সমালোচনার বড় অংশই গিয়ে পড়েছে কিয়ারার ওপর, যেখানে একই দৃশ্যে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন যশ। এই বৈষম্যমূলক আচরণের কড়া সমালোচনা করেছেন ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেট।
সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট বলেন, যশকে যেখানে আগুনের ইমোজি দিয়ে প্রশংসায় ভাসানো হচ্ছে, সেখানে কিয়ারাকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিদ্রূপ করা হচ্ছে।
বেনেডিক্ট গ্যারেট বলেন, ‘মানুষ লিখছে, “কিয়ারার তো সবে বিয়ে হয়েছে। তিনি একজন মা।” কেউ লিখছেন, “স্বামী সিদ্ধার্থ মালহোত্রার বদলে যশের সঙ্গে হানিমুন করছেন”—এসব মন্তব্য সত্যিই হাস্যকর।'
বেনেডিক্ট প্রশ্ন তোলেন, ‘যশও তো বিবাহিত, তাঁরও সন্তান আছে। তাহলে শুধু নারী অভিনেত্রীই কেন আক্রমণের শিকার হবেন, আর পুরুষ অভিনেতা প্রশংসা পাবেন?’ তিনি মনে করিয়ে দেন, অভিনয়শিল্পীদের কাজই হলো চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা। বাস্তব জীবনের সম্পর্ক নয়, পর্দার গল্পই তাঁদের পেশা।
- ট্যাগ:
- বিনোদন
- ঘনিষ্ঠ দৃশ্য
- কিয়ারা আদভানি